প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২৬ , ১:১১:২১ প্রিন্ট সংস্করণ
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর ২৫৭টি পূজামণ্ডপে ২৪ ঘণ্টা সিসি ক্যামেরা ও বডিওর্ন ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে। এ ছাড়া পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় নিয়মিত দায়িত্বের বাইরে অতিরিক্ত ২ হাজার ১০০ পুলিশ সদস্য মোতায়েন থাকবেন।
আজ শুক্রবার সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
দুর্গাপূজা ঘিরে নাশকতা বা ভীতি সৃষ্টির বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রস্তুত রয়েছে। এ ধরনের অপচেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কমিশনার জানান, পূজামণ্ডপগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করে নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে। এর মধ্যে রাজধানীর ৯টি বড় পূজামণ্ডপে পুলিশ ও আনসার মিলিয়ে ৫০ জন করে সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতিটি পূজামণ্ডপের সিসি ক্যামেরা ডিএমপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের ইনচার্জদের বডিওন ক্যামেরার মাধ্যমেও সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা প্রতিরোধে পুলিশ সতর্ক রয়েছে জানিয়ে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপতথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা ঠেকাতে সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।





















