তথ্যপ্রযুক্তি

মহাদেবপুরে মাদ্রাসা সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন

  প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৫ , ৪:৫৫:৫৫ প্রিন্ট সংস্করণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলায় পাঘা বছির উদ্দীন দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার তাজনুর আক্তারের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় মাদ্রাসার মূল ফটকের সামনে এলাকাবাসী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ভারপ্রাপ্ত সুপার তাজনুর আক্তার প্রশাসনিক স্বেচ্ছাচারিতা, নিয়মবহির্ভূত সিদ্ধান্ত গ্রহণ, পকেট কমিটি গঠন এবং প্রতিষ্ঠানের জমি লিজ সংক্রান্ত অনিয়মে জড়িত। এছাড়া তার বিরুদ্ধে শিক্ষক-কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার, শিক্ষার্থীদের স্বাধীনভাবে চলাফেরায় বাধা এবং স্থানীয়দের সঙ্গে অসদাচরণের অভিযোগও আনা হয়।

বক্তারা আরও অভিযোগ করেন, প্রভাবশালী মহলের আশ্রয়ে তিনি ক্ষমতার অপব্যবহার করছেন। তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে মিথ্যা মামলায় হয়রানি করা হয় বলে দাবি করেন তারা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন আলতাফ হোসেন। এতে বক্তব্য রাখেন মাসুদ রানা লাকি, আল ফারুক, মাহমুদুল হাসান, আব্দুল মান্নান, সাগর, সাদেক আলী ও ফজলে রাব্বীসহ স্থানীয় অনেকে।

এ বিষয়ে অভিযুক্ত ভারপ্রাপ্ত সুপার তাজনুর আক্তার বলেন, “নিয়ম মেনেই অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কোনো অনিয়ম হয়নি। একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত।”

অ্যাডহক কমিটির সভাপতি প্রফেসর নূরুল ইসলাম বলেন, “আমি এখন কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই। সর্বসম্মতিক্রমেই আমাকে সভাপতি করা হয়েছে।”

মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান বলেন, “বিষয়টি এখনো লিখিতভাবে জানানো হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আরও খবর

Sponsered content