প্রতিনিধি ১৪ মে ২০২৬ , ২:৪৪:৩৩ প্রিন্ট সংস্করণ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের গারাদিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ২টি গাভী ও ৩টি ছাগল পুড়ে মারা গেছে। এ ঘটনায় আরও ১টি গরু ও ২টি বাছুর মারাত্মকভাবে দগ্ধ হয়েছে।
গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইটভাটা শ্রমিক সোহেল মিয়া (৩৭) রাত ১২টার দিকে গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য কয়েল জ্বালিয়ে ঘুমোতে যান। রাত আনুমানিক ২টার দিকে তার মা মনোয়ারা বেগম (৬০) চিৎকার শুরু করলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা জেগে উঠে গোয়ালঘরে আগুন দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও গোয়ালঘরে থাকা ২টি গাভী ও ৩টি ছাগলকে রক্ষা করা সম্ভব হয়নি। আগুনে প্রাণীগুলো সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া আরও ৩টি গরু ও বাছুর গুরুতর দগ্ধ হয়।
এদিকে গোয়ালঘর থেকে গরু উদ্ধার করতে গিয়ে সোহেলের ছোট ভাই জুয়েল (৩৫) আহত হন। তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় পল্লী চিকিৎসক হাফিজ উদ্দিন বলেন, ‘দগ্ধ গরুগুলোর অবস্থা খুবই খারাপ। এগুলোকে বাঁচানো কঠিন হবে। আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত কিছু জানা না গেলেও স্থানীয়দের ধারণা, মশা তাড়ানোর কয়েল থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।’














