পিরোজপুর প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৬ , ৭:৩৩:১৬ প্রিন্ট সংস্করণ
পিরোজপুরের নেছারাবাদে ছারছীনা দরবার শরীফে ১৩৬তম তিন দিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিল ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার (২৮ নভেম্বর) মাগরিবের পর মাহফিলের উদ্বোধন হবে এবং ১ ডিসেম্বর মঙ্গলবার জোহরের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হবে।
এ মাহফিলে দেশের বিভিন্ন স্থান থেকে আলেম, অনুসারী ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সদস্য-কর্মীসহ মুসল্লিদের সমাগম হবে বলে আয়োজকদের আশা।
মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষে নজরুল ইসলাম জানান, মাহফিল উপলক্ষে প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, এসআরবি ও সাদা পোশাকের পুলিশ সদস্যদের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি ও স্থল দল এবং স্বাস্থ্যসেবায় অ্যাম্বুলেন্সসহ মেডিকেল দল দায়িত্ব পালন করবে। এ ছাড়া হারানো সামগ্রীর বুথ, গাড়ি পার্কিং ও দোকানপাট নিয়ন্ত্রণে দরবার শরীফের সংশ্লিষ্ট দলগুলো কাজ করছে। পাশাপাশি মাইকিং ও প্রচারের মাধ্যমে দাওয়াত পৌঁছে দেওয়া হয়েছে।





















