সারাদেশ

অপরাধ পর্যালোচনা ও শৃঙ্খলা জোরদারে ঠাকুরগাঁওয়ে জেলা পুলিশের কর্মসূচি

  ঠাকুরগাঁও প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৬ , ৭:৩১:২৭ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁও জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা, কিট প্যারেড ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জেলা পুলিশ লাইন্স মাঠে এসব কর্মসূচি হয়। এতে অভিবাদন গ্রহণ করেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলমগীর রহমান। মাস্টার প্যারেডে অংশ নেওয়া পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, টার্নআউট ও শৃঙ্খলার ভিত্তিতে পুরস্কৃত করেন পুলিশ সুপার। এ সময় তিনি পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

পরে পুলিশ সুপারের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা হয়। সভায় পুলিশ সদস্যরা তাঁদের পেশাগত ও কল্যাণসংক্রান্ত বিভিন্ন সমস্যা ও প্রস্তাব তুলে ধরেন। পুলিশ সুপার সেগুলো শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের পুরস্কৃত করা হয়।

এরপর পুলিশ লাইন্সের ড্রিল শেডে কিট প্যারেড হয়। এ সময় পুলিশ সুপার সদস্যদের কিট সামগ্রী পরিদর্শন করেন এবং ব্যবহার, সংরক্ষণ ও পরিচ্ছন্নতার ভিত্তিতে কয়েকজনকে পুরস্কৃত করেন। পাশাপাশি ড্রেস রুলস মেনে চলা, পোশাকের পরিচ্ছন্নতা, নিয়মিত পিটি ও প্যারেড এবং স্বাস্থ্য সচেতনতার বিষয়ে নির্দেশনা দেন।

দিনের শেষ কর্মসূচি হিসেবে পুলিশ অফিসের সম্মেলনকক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা হয়। এতে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, তদন্ত কার্যক্রমের অগ্রগতি ও জননিরাপত্তা নিয়ে আলোচনা হয়। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. বেলাল হোসেন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণকে সেবা দিতে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

কর্মসূচিগুলোতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), পীরগঞ্জ ও রাণীশংকৈল সার্কেলের সহকারী পুলিশ সুপারসহ জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ডিবি, ট্রাফিক, কোর্ট পুলিশ এবং বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content