মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২৫ , ৩:২৮:২০ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি ইউনিয়ন পর্যায়ের কর্মসূচিতে উপজেলা শাখার সভাপতি মুফতি সুলাইমান গাজীর ইউপি চেয়ারম্যানের চেয়ারে বসাকে কেন্দ্র করে সমালোচনার ঝড় উঠেছে।
ঘটনাটি ঘটে বুধবার (১০ আগস্ট) চৌমুহনী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুফতি সুলাইমান গাজী। তবে তিনি ইউপি চেয়ারম্যানের নির্ধারিত সরকারি আসনে বসায় সচেতন মহল থেকে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
স্থানীয় সাংবাদিক হামিদুর রহমান তাঁর ফেসবুক আইডিতে লেখেন—
“সম্মেলনে দলের এক নেতা চেয়ারম্যানের আসনে বসেন। এই চেয়ার সাধারণ কোনো চেয়ার নয়, বরং জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির জন্য বরাদ্দকৃত আসন। সেখানে অন্য কারও বসা দায়িত্বজ্ঞানহীন আচরণ ছাড়া আর কিছু নয়।”
এ বিষয়ে মুফতি সুলাইমান গাজী জানান, তিনি প্রধান অতিথি ছিলেন এবং আয়োজকেরা যে আসন দিয়েছেন তিনি তাতেই বসেছেন। তবে স্থানীয় ব্যাংক কর্মকর্তা সাইফুল তুহিন বলেন, “ইউনিয়ন পরিষদে সভা–সেমিনারের জন্য আলাদা হলরুম আছে, সেটি ব্যবহার করা উচিত ছিল।”
চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বলেন, “হলরুম না থাকায় ছোট পরিসরে আমার কার্যালয়ে মিটিংয়ের অনুমতি দিয়েছিলাম। তবে চেয়ারম্যানের আসনে বসা ব্যক্তিগত বিবেক ও দায়িত্ববোধের বিষয়।”
সচেতন মহল মনে করছে, এ ধরনের ঘটনা ভবিষ্যতে এড়িয়ে চলা জরুরি, যাতে জনপ্রতিনিধির মর্যাদা অক্ষুণ্ণ থাকে।




















