মহসিন মোল্যা, মাগুরা প্রতিনিধি: ৩১ মে ২০২৬ , ১১:৫৯:৪৩ প্রিন্ট সংস্করণ
মাগুরার শ্রীপুরে ঢাকাস্থ (মাগুরা-শ্রীপুর) বিএনপি পরিবারের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার সব্দালপুর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভার শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ঢাকাস্থ (মাগুরা-শ্রীপুর) বিএনপি পরিবারের সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তরিকুল ইসলাম।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সদস্য সচিব অ্যাডভোকেট রইচ উদ্দিন, নির্বাহী সদস্য জাহিদ সাজ্জাদ রিপন, মাহফুজুর রহমান, তকিবুর রহমান এবং শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম কামাল হোসেনের পুত্র ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শাহরিয়ার মোর্শেদ সোহাগ।
বক্তারা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে সমাজের কল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে শ্রীপুর তথা মাগুরার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ঢাকাস্থ (মাগুরা-শ্রীপুর) বিএনপি পরিবারের সদস্যসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।














