সোহরাব হোসেন, বিশেষ প্রতিবেদক, ঢাকা ১ জুন ২০২৬ , ৭:২৭:৫৫ প্রিন্ট সংস্করণ
রাজধানীর বনানী থানার ২০ নম্বর ওয়ার্ডের জে-ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আনিস রহমানের বিরুদ্ধে ফ্যামিলি কার্ড ও ই-রিকশার লাইসেন্স পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, এ ঘটনায় কড়াইল বস্তির বেশ কয়েকজন নিম্নআয়ের মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতায় ই-রিকশার লাইসেন্স করে দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের দাবি, জাতীয় পরিচয়পত্রের কপি ও নির্ধারিত অর্থ জমা দেওয়ার পরও তারা এখন পর্যন্ত কোনো লাইসেন্স পাননি।
কড়াইল বস্তির বাসিন্দা সুফিয়া বেগম অভিযোগ করেন, স্বল্পমূল্যে খাদ্যসামগ্রী পাওয়ার আশায় ফ্যামিলি কার্ডের জন্য তিনি অর্থ দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও কার্ড পাননি এবং টাকাও ফেরত পাননি।
রিকশাচালক মো. কালাম অভিযোগ করেন, ই-রিকশার লাইসেন্সের আশ্বাসে তিনি কয়েক হাজার টাকা জমা দিয়েছিলেন। তবে এখনও লাইসেন্স না পাওয়ায় তিনি হতাশ।
এ ছাড়া স্থানীয় কয়েকজন বাসিন্দা আনিস রহমানের বিরুদ্ধে ফুটপাতকেন্দ্রিক চাঁদাবাজি, বিতর্কিত ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় এবং রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগও করেছেন। তবে এসব অভিযোগের পক্ষে স্বাধীনভাবে যাচাইযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আনিস রহমান বলেন, “আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। একটি মহল আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এসব অপপ্রচার চালাচ্ছে। আমি কারও কাছ থেকে ফ্যামিলি কার্ড বা রিকশার লাইসেন্সের নামে কোনো অর্থ গ্রহণ করিনি।”
তিনি আরও বলেন, “সিটি কর্পোরেশনের বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে কিছু কার্যক্রম বিলম্বিত হতে পারে, তবে এর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত আর্থিক সম্পৃক্ততা নেই।”
এ বিষয়ে বনানী থানা বিএনপির এক দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “দলের নাম ব্যবহার করে কেউ যদি অনিয়ম বা প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকেন, তবে অভিযোগ তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি কোনো ধরনের দুর্নীতি, চাঁদাবাজি বা অপরাধমূলক কর্মকাণ্ডকে সমর্থন করে না।”
অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।




















