সারাদেশ

শহীদ জিয়ার স্মরণে মান্দায় বিশেষ দোয়া ও আলোচনা সভা

  নওগাঁ প্রতিনিধি: ৩১ মে ২০২৬ , ১২:১৬:৪৫ প্রিন্ট সংস্করণ

 

 

নওগাঁর মান্দায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা বিএনপির সভাপতি এম এ মতীনের প্রসাদপুর বাজারস্থ দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পূর্বনির্ধারিত উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির হলরুমে অনুষ্ঠান আয়োজন সম্ভব না হওয়ায় এ নিয়ে দলের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতীন বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তাঁর আদর্শ ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

প্রধান বক্তার বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বাবুল বলেন, “জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করতে নানা ষড়যন্ত্র চলছে। নির্ধারিত স্থানে কর্মসূচি করতে না দেওয়াও তারই বহিঃপ্রকাশ। তবে কোনো প্রতিবন্ধকতাই বিএনপির নেতাকর্মীদের আন্দোলন-সংগ্রাম থেকে বিরত রাখতে পারবে না।”

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

বক্তাদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক কুমার বিশ্বজিৎ সরকার, দপ্তর সম্পাদক ও ভালাইন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম এবং ছাত্রদলের সদস্য সচিব পলাশ কুমার।

এছাড়া বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলা, ইউনিয়ন, যুবদল, ছাত্রদল ও কৃষকদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো, মান্দার প্রয়াত এমপি শামসুল আলম প্রামাণিকসহ বিএনপির প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এদিকে একই দিনে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে পৃথক কর্মসূচি পালিত হওয়ায় এলাকায় রাজনৈতিক আলোচনা ও জনমনে বিভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

আরও খবর

Sponsered content