প্রতিনিধি ২ আগস্ট ২০২৬ , ১১:২৯:৪৬ প্রিন্ট সংস্করণ
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মোমেনুল ইসলাম হাসপাতালে দায়িত্বরত অবস্থায় মারা গেছেন। শনিবার বেলা আড়াইটার দিকে হৃদরোগ আক্রান্ত হয়ে তিনি মারা যান।
জানা গেছে, ইউএইচএফপিও মোমেনুল সকালে একটি সভা শেষে হঠাৎ অসুস্থতাবোধ করেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই রক্তবমি করেন। পরে তাকে মোহনগঞ্জ হাসপাতালেই চিকিৎসা দেয়া হয়। তার অবস্থার অবনতি হলে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে দুপুর ২টা ৩০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোমেনুলের বাড়ি কুড়িগ্রামের রৌমারী উপজেলায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ২০২৫ সালের মে মাসে যোগদান করেন তিনি। রাজশাহী মেডিকেল কলেজ থেকে (৩৩তম ব্যাচ) এমবিবিএস ডিগ্রি অর্জন করেন মোমেনুল। তিনি একজন সার্জন ছিলেন।
ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের পরিচালক প্রদীপ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে বলেন, বর্তমানে মোমনুল ইসলামের মরদেহ হিমাগারে রাখা হয়েছে।
মোমেনুল ইসলামের মৃত্যুতে সহকর্মী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোমেনুল ইসলামের মৃত্যুতে নেত্রকোনা জেলা সিভিল সার্জন ডা. গোলাম মাওলাসহ মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা গভীর শোক প্রকাশ করেছেন। এ ছাড়া মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন গভীর শোক প্রকাশ করেন।





















