সারাদেশ

গাজীপুরে ফের বিক্ষোভের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করল পুলিশ

  প্রতিনিধি ৮ নভেম্বর ২০২৬ , ৬:৩১:১৩ প্রিন্ট সংস্করণ

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের বিক্ষোভ করার চেষ্টা করেছেন পোশাক কারখানার কিছু শ্রমিক। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করেন।

রোববার (৮ নভেম্বর) বেলা ৩টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ির জরুন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরের পর অর্ধশতাধিক শ্রমিক লাঠিসোঁটা নিয়ে কাশিমপুর থেকে কোনাবাড়ির জরুনের দিকে আসেন। এ সময় তারা আশপাশের কারখানাগুলোতে ইট-পাটকেল ছুড়তে থাকেন। ওইসব কারখানায় উৎপাদন কার্যক্রম চলছিল।

এ সময় স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানার ভেতরে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যরা ওই শ্রমিকদের ধাওয়া দেন। খবর পেয়ে বিজিবিও ঘটনাস্থলে যায়। পরে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড ছুড়ে ও লাঠি পেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল থেকে শিল্পাঞ্চল স্বাভাবিকভাবে চলছিল। বেলা ৩টার দিকে ওই একই দাবি জানিয়ে মন্ডল গ্রুপের বেশকিছু শ্রমিক জরুন মোড়ে আসে। এ সময় তারা ৬ থেকে ৭টি কারখানায় ঢিল ছুড়ে মারে। পরে পুলিশ ও বিজিবি তাদের লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড ছুড়ে সরিয়ে দেয়। এ সময় ৭টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। বর্তমানে গাজীপুরে ৭টি কারখানা ছাড়া সব কারখানায় উৎপাদন চলছে।

আরও খবর

Sponsered content