প্রতিনিধি ৮ নভেম্বর ২০২৬ , ২:৩৩:৩৭ প্রিন্ট সংস্করণ
সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা জনমনে আতঙ্ক তৈরি এবং নাশকতার উদ্দেশ্যে একটি গ্রুপ করছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।
আজ রোববার রাজধানীর মিন্টুরোডে ডিএমপি মিডিয়া সেন্টারে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ঘটনাগুলোর বিষয়ে ডিএমপির অবস্থান তুলে ধরে আকতার হোসেন বলেন, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুনের প্রতিটি ঘটনা পুলিশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করছে। ইতোমধ্যে এসব ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন ও অঙ্গ-সংগঠনের সদস্যরা রয়েছে।
তিনি বলেন, ‘এই সমস্ত কার্যক্রম দেখে যেটি বোঝা যায় যে, একটি গ্রুপ নাশকতার উদ্দেশ্যে এবং জনমনে আতঙ্ক তৈরির উদ্দেশ্যে কাজগুলো করছে। বিষয়গুলো নিয়ে বিস্তারিত তদন্ত চলছে, গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। গোয়েন্দা সংস্থাগুলোর তদন্ত রিপোর্টের সঙ্গে সমন্বয় করে আমাদের পুলিশ মোতায়েন করা আছে এবং আমাদের অপারেশনাল কার্যক্রম চলমান।’
তিনি আরও বলেন, ‘জননিরাপত্তার জন্য এবং যেন মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি না হয়, সেই ব্যাপারে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ডিএমপির পক্ষ থেকে বিভিন্ন ধরনের মোবাইল পার্টি, পিকেট ডিউটি অব্যাহত আছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত।’
ককটেল তৈরির উপাদানগুলো কোথায় বানানো হচ্ছে- এমন প্রশ্নের জবাবে আকতার হোসেন বলেন, এর আগেও ককটেল তৈরির উপাদান ও বিস্ফোরকদ্রব্যসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। নাশকতার উদ্দেশ্যে পেট্রল পাম্প বা অন্য কোথাও থেকে দাহ্য পদার্থ কেনাবেচা হচ্ছে কি না, তা মনিটর করা হচ্ছে।’
সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে কারা নাশকতার উদ্দেশ্যে এসব দাহ্য পদার্থ সংগ্রহ করছে, তাদের শনাক্ত করতে ডিএমপির অভিযান ও কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।





















