সারাদেশ

মাধবপুরে অবৈধ বালু-মাটি পাচার রোধে জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধের তাগিদ দিলেন ডিসি

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ২১ এপ্রিল ২০২৬ , ৪:৫২:১০ প্রিন্ট সংস্করণ


অবৈধ বালু ও মাটি পাচার বন্ধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি.এম. সরফরাজ।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

জেলা প্রশাসক বলেন, অবৈধ বালু-মাটি উত্তোলন ও পাচার একটি বড় সামাজিক সমস্যা। এটি রোধে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে জনগণকেও এগিয়ে আসতে হবে। প্রয়োজনে সাধারণ মানুষ নিজেরাই বাদী হয়ে মামলা করতে পারেন।

তিনি আরও বলেন, একটি সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে হলে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলামের সঞ্চালনায় সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমরুল হাসান, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা, উপজেলা বিএনপি সভাপতি মো. শামসুল ইসলাম কামাল, ইউপি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ সোহেল ও মিনহাজ চৌধুরী কাসেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সাংবাদিক আলমগীর কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা অবৈধ বালু ও মাটি পাচার বন্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আরও খবর

Sponsered content