সারাদেশ

ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

  প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২৬ , ২:০৪:২৭ প্রিন্ট সংস্করণ

ভারতে চার বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন এক দম্পতি ও তাদের শিশু সন্তান।

আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান।

এর আগে গতকাল সোমবার রাত ৯টার দিকে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের নোম্যান্সল্যান্ডে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

যারা ফেরত এসেছেন, তারা হলেন আল আমিন শেখ (৩২), তার স্ত্রী জোসনা আক্তার (২৭) ও তাদের শিশু সন্তান আরমান শেখ (০২)। তারা বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার ধরাদোয়া গ্রামের বাসিন্দা।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভারত ফেরত এক দম্পতি ও তাদের শিশু সন্তানকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করে স্বজনদের কাছে হস্তান্তর করবে।

জাস্টিস অ্যান্ড কেয়ার যশোরের ডেপুটি ম্যানেজার মুহিত হোসেন জানান, ভালো কাজের আশায় দালালের মাধ্যমে এই দম্পতি সাত বছর আগে অবৈধভাবে ভারতের কেরালায় গিয়েছিলেন। সেখানে আল আমিন শেখ শ্রমিকের ও তার স্ত্রী জোসনা আক্তার বাসাবাড়িতে কাজ করতেন। পরে সেদেশের পুলিশের হাতে আটক হন তারা। পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। অবৈধ অনুপ্রবেশের দায়ে আদালত তাদের চার বছর সাজা দিয়ে কারাগারে পাঠায়।

তিনি জানান, কারাভোগ শেষে ভারতের একটি মানবাধিকার সংস্থা দায়িত্ব নিয়ে তাদের শেল্টার হোমে রাখে। পরে উভয় দেশের দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভের পারমিটের মাধ্যমে সোমবার রাতে তারা দেশে ফেরেন। ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে তাদের শেল্টার হোমে রাখা হয়েছে।

আজ মঙ্গলবার তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান জাস্টিস অ্যান্ড কেয়ারের এই কর্মকর্তা।

আরও খবর

Sponsered content