রাজনীতি

তারেক রহমান আগামী দিনের গণতন্ত্রের মশালবাহক: আমীর খসরু

  প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৬ , ৬:০০:১১ প্রিন্ট সংস্করণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আগামী দিনের গণতন্ত্রের টর্চবেয়ারার বা মশালবাহক হিসেবে অভিহিত করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘গণতন্ত্রের যে মশাল শহিদ জিয়া হাতে নিয়েছিলেন, সেই মশাল খালেদা জিয়া দীর্ঘসময় ধরে বহন করেছিলেন। এখন সেই মশাল তারেক রহমানের হাতে। তারেক রহমান গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে দেশকে ফ্যাসিস্টমুক্ত করতে সক্ষম হয়েছেন। আমাদের আগামী দিনের গণতন্ত্রের টর্চবেয়ারার হচ্ছেন তারেক রহমান। আমাদের যেটা করতে হবে, সেটা হলো আমাদের মানদণ্ড উঁচু রাখতে হবে। জাতিকে শৃঙ্খলিত করতে হবে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া কখনো আপস করেননি। তিনি ছিলেন আপসহীন নেত্রী। কিন্তু যারা পালিয়ে গেছেন, তারাও আপস করেছেন। যারা আজ আমাদের সঙ্গে নির্বাচন করছেন, তাদের মন্তব্যও ওয়ান ইলেভেনের পক্ষে ছিল। তারা ওয়ান ইলেভেনের সময় সহায়ক ভূমিকা পালন করেছেন। একমাত্র খালেদা জিয়া কোনো ধরনের কম্প্রোমাইজ (আপস) করেননি। এরপর স্বৈরাচারের শুরু থেকে পতন পর্যন্ত জীবনের বিনিময়েও কোনো ধরনের আপস করেননি।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘খালেদা জিয়াকে ভালোবেসে কোটি কোটি মানুষ তার জানাজায় অংশ নিয়েছেন। এই ভালোবাসা একদিনে তৈরি হয়নি। হৃদয়ের টানে মানুষ জানাজায় অংশ নিয়েছে। আমরা সেটির প্রতিফলন দেখেছি। বিশ্বে এত বড় জানাজা হয়েছে বলে আমার অন্তত জানা নেই। বাংলাদেশের মানুষের জন্য খালেদা জিয়ার মনে যে জায়গা ছিল সেটা আমাদের ধরে রাখতে হবে।’

জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. আবদুল লতিফের সভাপতিত্বে শোকসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

আরও খবর

Sponsered content