নিজস্ব প্রতিবেদক ১৩ আগস্ট ২০২৬ , ১২:৪০:৪৬ প্রিন্ট সংস্করণ
৩১তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তাদের সার্বিক কল্যাণ, পেশাগত উন্নয়ন এবং পদোন্নতি সংক্রান্ত অধিকার সুরক্ষায় নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। ব্যাচের কর্মকর্তাদের সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জিয়াউল হক এবং সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন মোঃ নাজিম উদ্দিন আল আজাদ।
বৃহস্পতিবার বিকেল ৫টায় ৩১তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশন নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করে। ভোট গণনা শেষে ফল প্রকাশের পর ব্যাচের কর্মকর্তাদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিজয়ী প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান সহকর্মীরা।
নির্বাচন কমিশন জানায়, স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশে ব্যাচের সদস্যদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তাদের পেশাগত ঐক্য বজায় রাখা এবং যৌক্তিক দাবি-দাওয়া আদায়ে এ ধরনের অ্যাসোসিয়েশনের ভূমিকা গুরুত্বপূর্ণ।
নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ জিয়াউল হক ও সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন আল আজাদ তাদের ওপর অর্পিত আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
ব্যাচের কর্মকর্তারা আশা করছেন, নতুন কমিটি ৩১তম বিসিএস পুলিশ ব্যাচের কর্মকর্তাদের সময়োপযোগী ও কাঙ্ক্ষিত পদোন্নতি, পেশাগত দক্ষতা বৃদ্ধি, কর্মক্ষেত্রের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং সার্বিক কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।
নতুন নেতৃত্বের মাধ্যমে ব্যাচের কর্মকর্তাদের পারস্পরিক যোগাযোগ, পেশাগত ঐক্য ও মেলবন্ধন আরও সুদৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেছেন সদস্যরা।





















