প্রতিনিধি ২০ জুলাই ২০২৫ , ১:২৫:২২ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, যশোর:
যশোরের ঝিকরগাছায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সুনির্দিষ্ট অভিযোগে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) রাত ৮টার দিকে পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ গাজী।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা হলেন—নির্বাসখোলা ইউনিয়নের সাদিপুর গ্রামের মৃত সিদ্দিক হোসেনের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম (৬৫) এবং হাজিরবাগ ইউনিয়নের সোনাকুড় গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে তারিফ হোসেন (৪২)।
বর্তমানে তারা ঝিকরগাছা থানার হেফাজতে রয়েছেন। ওসি নুর মোহাম্মদ গাজী বলেন, “আসামিদের বিরুদ্ধে মামলা রয়েছে। এছাড়া এলাকায় বিশৃঙ্খলা ও উত্তেজনা সৃষ্টির অভিযোগে তাদের আটক করা হয়েছে।”
এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।




















