নুরুজ্জামান শেখ ১১ মে ২০২৫ , ৮:০৫:৫৯ প্রিন্ট সংস্করণ
গাজীপুর মহানগরে বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ।
রবিবার (১১ মে ২০২৫) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ গোলাম মোস্তফা, পিপিএম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স আমতলী (কেরানীরটেক বস্তি) এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মোঃ ইব্রাহিম (২৫) নামের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় আসামির দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের পকেট থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক ওজন ১০ গ্রাম এবং এর বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত ইব্রাহিমের স্থায়ী ঠিকানা নরসিংদী জেলার রায়পুরা থানার বাঁশগাড়ী ইউনিয়নের মধ্য নগর গ্রামে। বর্তমানে সে গাজীপুর মহানগরের আমতলী এলাকায় রজব আলীর বাড়িতে ভাড়া থাকত।
এই ঘটনায় এসআই মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) এর সারণি ১০(ক) ধারায় মামলা (নং-১৯, তারিখ-১১/০৫/২০২৫) দায়ের করেছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এমআই





















