অপরাধ

বগুড়ায় গ্যাস সিলিন্ডারের ভেতর ৬৫ কেজি গাঁজা, গ্রেফতার ৩

  মোঃ রাশেদ মিয়া , বগুড়া ৭ এপ্রিল ২০২৬ , ২:৪৯:৪৩ প্রিন্ট সংস্করণ

​বগুড়ায় রান্নার গ্যাস সিলিন্ডারের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৬৫ কেজি গাঁজা ও ৪ লিটার দেশীয় মদ উদ্ধার করেছে র‍্যাব-১২। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত আড়াইটার দিকে শহরের চকসূত্রাপুর এলাকায় এই রুদ্ধশ্বাস অভিযান চালানো হয়। অভিযানে মাদক ব্যবসার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
র‍্যাব-১২-এর স্পেশাল কোম্পানি (সিপিএসসি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তারা জানতে পারেন যে, শহরের চকসূত্রাপুর এলাকায় একটি বাড়িতে মাদকের বড় চালান মজুত করা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে রাত ২টা ৩০ মিনিটে শ্রী সনি বাসফোরের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে র‍্যাবের একটি চৌকস দল।
তল্লাশিকালে বাড়ির চারটি রান্নাঘরে থাকা সাতটি এলপিজি সিলিন্ডার দেখে সন্দেহ হয় র‍্যাব সদস্যদের। পরে সিলিন্ডারগুলো পরীক্ষা করে দেখা যায়, সেগুলোর তলা বিশেষ কৌশলে কাটা। ওই সিলিন্ডারগুলোর ভেতর থেকে মোট ৬৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া ঘর থেকে ৪ লিটার দেশীয় কেরু মদ জব্দ করা হয়।
র‍্যাব জানায়, মাদক ব্যবসায়ীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে এই অভিনব পদ্ধতি অবলম্বন করেছিল। গ্রেফতারকৃত তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

​মাদকের বিরুদ্ধে এমন জিরো টলারেন্স নীতি ও ঝটিকা অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব-১২ কর্তৃপক্ষ।

আরও খবর

Sponsered content