অপরাধ

জমি নিয়ে চাচাতো ভাইয়ের সঙ্গে বিরোধ, অস্ত্রের আঘাতে কৃষক নিহত

  তানভীর সরদার, স্টাফ রিপোর্টার ২৩ আগস্ট ২০২৬ , ৫:৪১:১৪ প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের মল্লিকপুর মাঠে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মো. তবিবার হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (২৩ আগস্ট) সকাল ৭টার দিকে মল্লিকপুর মাঠে এ ঘটনা ঘটে। নিহত তবিবার হোসেন মল্লিকপুর গ্রামের মো. নবিছদ্দিন মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে তবিবার হোসেনের সঙ্গে তাঁর এক চাচাতো ভাইয়ের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই চাচাতো ভাই লাঠি দিয়ে তবিবার হোসেনকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে কোটচাঁদপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান বলেন, মল্লিকপুর মাঠে লাঠির আঘাতে তবিবার হোসেন নামে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। ঘটনার প্রকৃত কারণ ও কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে হত্যাকাণ্ডের বিস্তারিত কারণ ও জড়িতদের বিষয়ে আরও তথ্য জানা যাবে।

আরও খবর

Sponsered content