অপরাধ

যুবদল নেতার দোকান ভাঙচুরের অভিযোগ, জামায়াতের দুই নেতা গ্রেপ্তার

  সিরাজগঞ্জ প্রতিনিধি: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:৫৯:১০ প্রিন্ট সংস্করণ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনায় এক যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ইউনিয়ন জামায়াতের আমির ও সেক্রেটারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন, উপজেলার উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল আলিম সরদার এবং একই ইউনিয়নের সেক্রেটারি আব্দুল কাদের খন্দকার।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম খান জয়লাভ করেন। এরপর শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে পূর্বশত্রুতার জেরে গজাইল বাজারে অবস্থিত উধুনিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফের দোকানে হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা দোকানটি ভাঙচুর করে এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়।

উল্লাপাড়া মডেল থানার ওসি সাকিউল আজম বলেন, এ ঘটনায় যুবদল নেতা আব্দুল লতিফ ১০-১২ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ইউনিয়ন জামায়াত নেতা আব্দুল আলিম সরদার ও আব্দুল কাদের খন্দকারকে গ্রেফতার করা হয়েছে।

রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও খবর

Sponsered content