কুমিল্লা প্রতিনিধি : ৯ জানুয়ারি ২০২৬ , ২:৪৮:২৬ প্রিন্ট সংস্করণ
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের পর চারজনের দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ থেকে ১৫ জন।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে কুমিল্লা-ঢাকা মহাসড়কের দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে চারজনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, নিহতদের মধ্যে দুজন শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার কারণ ও বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।




















