মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ ২৯ অক্টোবর ২০২৬ , ১২:৩৭:৩০ প্রিন্ট সংস্করণ
নওগাঁ, ২৯ অক্টোবর: নওগাঁ সদর উপজেলায় পাচারের উদ্দেশ্যে রাখা ২৪৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মোস্তফা আলী (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা শিবলিঙ্গটির আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ১৬ বিজিবি (নওগাঁ ব্যাটালিয়ন) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, আটক মোস্তফা আলী নওগাঁ সদর উপজেলার চক রাজবল্লভ গ্রামের গহির উদ্দিন প্রামাণিকের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাঁর কাছ থেকে শিবলিঙ্গটি উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, মূল্যবান কষ্টিপাথরের শিবলিঙ্গ পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে একটি টাস্কফোর্স গঠন করা হয়। পরে নওগাঁ সদর উপজেলার চক রাজবল্লভ এলাকায় অভিযান চালিয়ে শিবলিঙ্গটি উদ্ধার এবং মোস্তফা আলীকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তি ও উদ্ধার করা শিবলিঙ্গটির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে তাঁদের নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবির এ কর্মকর্তা বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।





















