মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ ২৯ অক্টোবর ২০২৬ , ১২:৪৪:২৫ প্রিন্ট সংস্করণ
নওগাঁ, ২৯ অক্টোবর: প্রথম স্ত্রীকে রেখে আপন শ্যালিকা পূর্ণিমাকে বিয়ে করে বিতর্কে জড়ানো নওগাঁর মাসুদ রানাকে তালাক দিয়েছেন তাঁর দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচিত পূর্ণিমা। বুধবার (২৮ অক্টোবর) ফেসবুক লাইভে এসে মাসুদ রানা নিজেই এ তথ্য জানান। 
শ্যালিকাকে বিয়ে করার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই আলোচনা-সমালোচনার মুখে রয়েছেন মাসুদ রানা। এর আগে স্থানীয়দের ক্ষোভের মুখে তাঁর মুখে চুনকালি মেখে জুতার মালা পরিয়ে এলাকা থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়।

মাসুদ রানা নওগাঁ সদর উপজেলার বাসিন্দা। তিনি নওগাঁ জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. শাহীন কাদির ডলারের সেরেস্তায় সহকারী হিসেবে কাজ করতেন। তাঁর প্রথম স্ত্রী মৌসুমী ও পূর্ণিমা আপন দুই বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (২৫ অক্টোবর) প্রথম স্ত্রী মৌসুমীর সম্মতি রয়েছে বলে দাবি করে তাঁর ছোট বোন পূর্ণিমাকে বিয়ে করেন মাসুদ রানা। বিয়ের বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এলাকায় প্রতিক্রিয়া দেখা দেয়। পরে বদলগাছী উপজেলার ভাড়া বাসা ছেড়ে দুই স্ত্রীকে নিয়ে মহাদেবপুর উপজেলার মাতাজি বিরামগ্রাম এলাকায় শ্বশুরবাড়িতে আশ্রয় নিতে যান তিনি।
সোমবার (২৬ অক্টোবর) রাত ১০টার দিকে সেখানে স্থানীয়দের একাংশ তাঁকে ঘিরে ধরে। এ সময় বিয়ের বিষয়টি নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাঁর মুখে চুনকালি মেখে জুতার মালা পরিয়ে এলাকা থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। পরে রাইগাঁ পুলিশ ফাঁড়ির সহযোগিতায় বিক্ষুব্ধ লোকজনের কাছ থেকে মুক্ত হয়ে দুই স্ত্রীকে শ্বশুরবাড়িতে রেখে চলে যান মাসুদ রানা।
ওই রাতেই বদলগাছীতে আবার তাঁর দেখা মেলে। এ সময় নিজের কাজের জন্য কান ধরে ক্ষমা চান তিনি। পাশাপাশি এক স্ত্রীকে তালাক দেওয়ার ঘোষণা দেন বলেও জানা যায়।
এ ঘটনায় বিতর্কের জেরে আইনজীবী অ্যাডভোকেট শাহীন কাদির ডলার মাসুদ রানাকে তাঁর সেরেস্তার কার্যক্রম থেকে অব্যাহতি দেন এবং তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করেন। এ বিষয়ে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি গণবিজ্ঞপ্তিও প্রকাশ করেন।
বুধবার ফেসবুক লাইভে মাসুদ রানা জানান, পূর্ণিমা তাঁকে তালাক দিয়েছেন। এ-সংক্রান্ত কাগজপত্রও তিনি ফেসবুকে প্রকাশ করেছেন বলে দাবি করেন।
এর আগে মাসুদ রানা দাবি করেছিলেন, পূর্ণিমার সঙ্গে আগে তৈরি করা কিছু টিকটক ভিডিও নিয়ে ভবিষ্যতে ব্ল্যাকমেলের আশঙ্কা থেকে প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে তাঁকে বিয়ে করেন। ত
এ বিষয়ে নওগাঁ জেলা কাজী সমিতির সভাপতি মাওলানা আমিনুল ইসলাম জানিয়েছিলেন, ইসলামী শরিয়ত অনুযায়ী একই সময়ে দুই বোনকে স্ত্রী হিসেবে রাখা নিষিদ্ধ।
অন্যদিকে, মাসুদ রানাকে অপদস্থ করে এলাকা থেকে বের করে দেওয়ার অভিযোগের বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক এর আগে জানিয়েছিলেন, এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





















