সারাদেশ

টঙ্গীতে পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী বৈশাখ উদযাপন

  মো. নুরুজ্জামান শেখ, স্টাফ রিপোর্টার: ১৪ এপ্রিল ২০২৬ , ১১:২১:০৯ প্রিন্ট সংস্করণ


বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে অসহায় ও পথশিশুদের নিয়ে ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে গ্লোবাল কিডস স্কুল। পহেলা বৈশাখের আনন্দ সমাজের সব শ্রেণির মানুষের মাঝে ছড়িয়ে দিতে এ আয়োজন ঘিরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে টঙ্গী রেলওয়ে স্টেশন সংলগ্ন খোলা আকাশের নিচে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে পথশিশুদের অংশগ্রহণে পান্তা-ইলিশ পরিবেশনের মাধ্যমে বাঙালির ঐতিহ্য তুলে ধরা হয়।

গ্লোবাল কিডস স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মাহবুবুর রহমান জিলানীর সভাপতিত্বে এবং পরিচালক মোহাম্মদ শামীম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক মো. মনসুর আহমেদ, সাংবাদিক কালিমুল্লাহ ইকবাল, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফুল হক প্রধান সুবেল, সাংবাদিক মো. আরিফ চৌধুরী, ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শাহিন আহমেদ রিজভী, সমাজসেবিকা সকিনা আক্তার, শিক্ষিকা খাদিজা আক্তার মৌমি ও সুমি ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও পথশিশুরা আনন্দঘন পরিবেশে নববর্ষ উদযাপনে অংশ নেয়। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ পথশিশুদের মাঝে আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও খবর

Sponsered content