প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২৫ , ৮:০৪:০৬ প্রিন্ট সংস্করণ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত মোটরসাইকেলচালক আলমগীরের সহযোগী ও আদাবর থানা যুবলীগকর্মী হিমনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আদাবরের একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা।
পুলিশ সূত্র জানায়, হাদি হত্যাকাণ্ডে জড়িত ফয়সাল ও মোটরসাইকেলচালক আলমগীরের সঙ্গে হিমনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রায় দুই মাস আগে তিনি দুবাই থেকে দেশে ফেরেন। গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে আদাবরের রাজ্জাক হোটেল এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আদাবরের ১৭/বি এলাকার মেহেদীর বাসা থেকে একটি বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
এডিসি মো. জুয়েল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে হিমন আদাবরের একটি আবাসিক হোটেলে অবস্থান করছেন। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গ্রেফতার হিমন হাদি হত্যাকাণ্ডে জড়িত মোটরসাইকেলচালক আলমগীরের ঘনিষ্ঠ বন্ধু বলেও জানিয়েছে পুলিশ।




















