প্রতিনিধি ১৮ জুন ২০২৬ , ২:২৪:০০ প্রিন্ট সংস্করণ
দলের অনুপস্থিত সদস্য হিসেবে দীর্ঘদিন আলোচনায় থাকার পর হঠাৎই ব্রাজিল দলের অনুশীলনে দেখা গেল নেইমারকে। তার ফিরে আসার খবর মুহূর্তেই গণমাধ্যমের নজর কেড়ে নেয়। ব্রাজিলের এই তারকা ফুটবলারের প্রত্যাবর্তন ঘিরে সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা।
পায়ের পেছনের মাংসপেশির চোট থেকে সেরে ওঠার পর তাকে আবার অনুশীলনে দেখতে পেয়ে উপস্থিতদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। অনেকেই আশা করেছিলেন, জাতীয় দলে ফেরার পথে নেইমার শক্ত অবস্থানের ইঙ্গিত দেবেন এবং নিজেকে আগের মতো ছন্দে ফিরে পাওয়ার প্রমাণ রাখবেন।
তবে অনুশীলনে তার পারফরম্যান্স খুব একটা আশাব্যঞ্জক ছিল না। মাঠে তাকে কিছুটা ধীর ও ভারী মনে হয়েছে। তার চলাফেরায় স্বাভাবিক তীক্ষ্ণতা দেখা যায়নি, আর বল নিয়ন্ত্রণ ও বিভিন্ন দক্ষতার প্রদর্শনেও ছিল ছন্দহীনতার ছাপ। শক্ত বার্তা দেওয়ার পরিবর্তে তিনি বরং নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছেন—সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতায় ফেরার জন্য তিনি সত্যিই প্রস্তুত কি না।
অনেক ব্রাজিলিয়ান সমর্থক নেইমারকে আবার জাতীয় দলের জার্সিতে বিখ্যাত ১০ নম্বরটি পরে দেখতে মুখিয়ে আছেন। কিন্তু সাম্প্রতিক অনুশীলনে অনেক পর্যবেক্ষকের চোখে তিনি দলের কয়েকজন সতীর্থের তুলনায় কম সক্রিয় মনে হয়েছেন। অন্যদিকে তাদের গতি ও প্রাণচাঞ্চল্য অনুশীলনে স্পষ্টভাবে নজর কেড়েছে।
জাতীয় দলে নেইমারের অবস্থান নিয়ে বিতর্ক এখনও থামেনি। অনেকেই এখনও প্রশ্ন তুলছেন, তিনি আদৌ দলে ফেরার যোগ্য কি না। তবে ইতোমধ্যেই তার জায়গা নিশ্চিত হয়েছে এবং অন্যদের আগে তাকে ১০ নম্বর জার্সি দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বর্তমান পারফরম্যান্সের চেয়ে তারকা মর্যাদাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলেই মনে করছেন অনেকে।
সাম্প্রতিক অনুশীলনের এই চিত্র সেই বিতর্ককে আরও উসকে দিয়েছে। মাঠে ফিরে তিনি কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবেন, তা নিয়ে সমর্থকদের একাংশের মধ্যে সন্দেহ বাড়ছে। অনেকের মত, এই সুযোগ অন্য একজন খেলোয়াড়ের প্রাপ্য ছিল। এখন সবার নজর নেইমারের দিকেই—প্রত্যাশাকে তিনি পারফরম্যান্সে রূপ দিতে পারেন কি না, সেটাই দেখার অপেক্ষা।














