প্রতিনিধি ২২ এপ্রিল ২০২৬ , ১১:০০:৫২ প্রিন্ট সংস্করণ
ইংল্যান্ড ও রিয়াল মাদ্রিদ ফুটবলার জুড বেলিংহ্যাম বার্মিংহাম ফিনিক্স নামে হান্ড্রেড বলের ক্রিকেট প্রতিযোগিতার একটি দলে কিছুসংখ্যাক অংশীদারিত্ব কিনেছেন। এমনই ঘোষণা দিতে যাচ্ছে ওয়ারউইকশায়ার।
গত বছর যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ তহবিল নাইটহেড ক্যাপিটাল, যারা বার্মিংহাম সিটি ফুটবল ক্লাবের মালিক, দলটির ৪৯ শতাংশ অংশ কিনে ওয়ারউইকশায়ারের সঙ্গে যৌথ মালিক হয়। পরে বার্মিংহামে বেড়ে ওঠা এই তারকা মিডফিল্ডার দুই পক্ষের কাছ থেকেই অল্প কিছু শেয়ার কিনেছেন।
ওয়ারউইকশায়ারের সাম্প্রতিক বার্ষিক প্রতিবেদনে জানানো হয়, ২০২৬ সালের জানুয়ারিতে বার্মিংহাম ফিনিক্সের মোট শেয়ারের ১.২ শতাংশ এক বিনিয়োগকারীর কাছে বিক্রি করা হয়েছে, যার মধ্যে ০.৬ শতাংশ ছিল ক্লাবের মালিকানায়। বেলিংহ্যামের এই বিনিয়োগের ফলে এখন ক্লাবটির হাতে রয়েছে ৫০.৪ শতাংশ শেয়ার, আর নাইটহেডের হাতে রয়েছে ৪৮.৪ শতাংশ।
বেলিংহ্যামের এই অংশীদারিত্বের মূল্য আনুমানিক প্রায় ১০ লাখ পাউন্ড। ওয়ারউইকশায়ার তাদের প্রতিবেদনে জানিয়েছে, দলের ৫১ শতাংশ মালিকানার ন্যায্য মূল্য ধরা হয়েছে প্রায় ৪৮ মিলিয়ন পাউন্ড, যা নির্ধারণ করা হয়েছে নাইটহেডের প্রাথমিক বিনিয়োগের খরচ ও নিয়ন্ত্রণমূলক অতিরিক্ত মূল্য বিবেচনায় নিয়ে।
গত বছর প্রতিযোগিতার আটটি দলের শেয়ার বিক্রির সময় আয়োজক সংস্থা জানিয়েছিল, নতুন বিনিয়োগকারীদের জন্য পাঁচ বছরের একটি নির্দিষ্ট সময়সীমা থাকবে। তবে শুরুতেই ওয়ারউইকশায়ার ও নাইটহেড বেলিংহ্যামের আগ্রহের বিষয়টি জানানো থাকায় এই বিনিয়োগ অনুমোদন পেয়েছে। এর আগে জানুয়ারিতে সিয়াটল অরকাস দলের মালিকেরা সাউদার্ন ব্রেভ দলে একইভাবে সংখ্যালঘু অংশ কিনেছিলেন।
বেলিংহ্যাম ছোটবেলা থেকেই বার্মিংহাম সিটির একাডেমিতে খেলেছেন এবং মাত্র ১৬ বছর বয়সে ক্লাবটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী মূল দলের খেলোয়াড় হন। এরপর এক মৌসুম খেলার পর প্রায় ২ কোটি ২৭ লাখ ৫০ হাজার পাউন্ডে বরুসিয়া ডর্টমুন্ডে যোগ দেন এবং ২০২৩ সালে প্রায় ৮ কোটি ৮০ লাখ পাউন্ডে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান।
স্টাওরব্রিজে জন্ম নেওয়া বেলিংহ্যাম এজবাস্টন এলাকার প্রাইওরি স্কুলে পড়াশোনা করেছেন। কিশোর বয়সে তিনি হ্যাগলি ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছেন এবং ক্রিকেটের প্রতি তার আগ্রহও রয়েছে। চলতি বছরের এক সাক্ষাৎকারে তিনি বলেন, অন্য কোনো খেলার খেলোয়াড়ের সঙ্গে এক দিনের জন্য পেশা বদল করতে হলে তিনি ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসকে বেছে নিতেন।
বার্মিংহাম ফিনিক্স এখনো পর্যন্ত পুরুষ বা নারী—কোনো বিভাগেই শিরোপা জিততে পারেনি। গত মৌসুমে তাদের কোনো দলই শেষ পর্বে উঠতে পারেনি। এ বছর পুরুষ দলের নেতৃত্ব দেবেন ইংল্যান্ডের তরুণ ব্যাটসম্যান জ্যাকব বেথেল এবং নারী দলের নেতৃত্বে থাকবেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার এলিস পেরি।
ওয়ারউইকশায়ার এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি, তবে বুধবার বেলিংহ্যামের বিনিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করার সম্ভাবনা রয়েছে।
নাইটহেডের এই বিনিয়োগ বার্মিংহামে একটি ‘ক্রীড়া অঞ্চল’ গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনার অংশ, যেখানে ৬২ হাজার আসনের একটি নতুন ফুটবল স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনাও রয়েছে। সংস্থাটির সহ-প্রতিষ্ঠাতা টম ওয়াগনার ইতোমধ্যে নতুন যোগাযোগব্যবস্থার জন্য সরকারি অর্থায়ন আদায়ে সফল হয়েছেন এবং গত বছর তিনি জানান, এই প্রতিযোগিতাকে তিনি শহরের প্রতি নিজের প্রতিশ্রুতি জোরদার করার একটি সুযোগ হিসেবে দেখেন।
ওয়াগনার বার্মিংহাম ফিনিক্সের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। তার সঙ্গে আছেন অ্যান্ড্রু শ্যানাহান ও কাইল নাইসলি, যারা বার্মিংহাম সিটি ফুটবল ক্লাবের পর্ষদেও আছেন। কিংবদন্তি মার্কিন ফুটবল খেলোয়াড় টম ব্র্যাডিরও নাইটহেডে সামান্য অংশীদারিত্ব রয়েছে, তবে তিনি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন না।
ওয়ারউইকশায়ারের নিয়ন্ত্রণমূলক মালিকানার প্রতিফলন হিসেবে সাত সদস্যের পরিচালনা পর্ষদের চারটি আসন তাদের দখলে রয়েছে। এই চারজন হলেন—মার্ক ম্যাকক্যাফার্টি (সভাপতি), স্টুয়ার্ট কেইন (প্রধান নির্বাহী), ক্রেইগ ফ্লিন্ডাল (কৌশল পরিচালক) ও অ্যাডাম লো (বাণিজ্য পরিচালক)।














