প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৫ , ২:৪৬:৩৭ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকালে মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনে।
শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এছাড়াও দেশের অন্য সব ফেডারেশনও শোক জানিয়েছে। আজকের দিনের বিপিএলের দুটি ম্যাচ বাতিল করেছে বিসিবি। আর বাফুফে এরই মধ্যে আজকের দিনে নির্ধারিত ফেডারেশন কাপের ম্যাচ স্থগিত করেছে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বেলা ১টায় সিলেট টাইটানস ও চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ এবং সন্ধ্যা ৬টায় ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে এখন ম্যাচ দুটি অনুষ্ঠিত হচ্ছে না।
ফেডারেশন কাপ ফুটবলে আজকের সূচিতে দুটি ম্যাচ স্থগিত করেছে বাফুফে। নোয়াখালীতে আজ অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়ার কথা ছিল। সেই ফাইনালও আজ হবে না।
শুধু তা-ই নয়, হচ্ছে না নারী ফুটবল লিগে আজকের খেলাও। কমলাপুর স্টেডিয়ামে আজ লিগে তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল; বাংলাদেশ আনসার ও ভিডিপি-সদ্য পুস্করিনী যুব স্পোর্টিং, কাছারিপাড়া-সিরাজ স্মৃতি সংঘ, ঢাকা রেঞ্জার্স-ফরাশগঞ্জ। বাফুফে পরে এই ম্যাচগুলোর সূচি প্রকাশ করবে।





















