প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২৬ , ৯:২৫:৫১ প্রিন্ট সংস্করণ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে অধিনায়ক হিসেবে আছেন নাজমুল হোসেন শান্ত, সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
আগামী ২৮ অক্টোবর ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৫ নভেম্বর, সিলেটে।
ঘোষিত দলে অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয় রেখেছে নির্বাচক প্যানেল। ব্যাটিং বিভাগে শান্তর সঙ্গে রয়েছেন শাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিক।
স্পিন আক্রমণে মিরাজের সঙ্গে আছেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান। পেস বিভাগে জায়গা পেয়েছেন হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম।





















