বিনোদন

কাল থেকে ‘চাওয়া পাওয়া’

  প্রতিনিধি ৪ আগস্ট ২০২৬ , ১:১৮:৩৪ প্রিন্ট সংস্করণ

বাবা-মায়ের একমাত্র সন্তান হাসান আরিফ পেশায় সাংবাদিক এবং বেশ জনপ্রিয় কবি। বাবা রাজীব হাসান সরকারী হাসপাতালের ডাক্তার ছিলেন। বড়লোক বাড়ির একমাত্র মেয়ে রেজোয়ানা চৌধুরী রাজীবকে ভালোবেসে ঘর ছেড়ে ছিলেন। রাজীব হাসান মারা যাওয়ার পর রেজোয়ানা অনেক কষ্টে বড় করেন হাসানকে।

একদা কবি হাসানের কবিতার প্রেমে পড়ে ইউনিভার্সিটি পড়ুয়া মেধা। হাসানও মুগ্ধ হয় মেধার সরলতা আর সৌন্দর্যে। এরমধ্যে কবি হাসানের সঙ্গে পরিচয় হয় জামিল হোসেন নামের একজন থিয়েটার সংগঠকের। আর জামিলের মাধ্যমে পরিচয় হয় মম’র সঙ্গে। মম আবার জামিলের বাগদত্তা এবং জামিলের থিয়েটারে গুরুত্বপূর্ণ অভিনেত্রী। মম খুব ভালো আবৃত্তি করে এবং আগে থেকেই কবি হাসান আরিফের কবিতার ভক্ত। মেধাকে পছন্দ করতো তারই ক্লাসমেট রূপক। মেধার সঙ্গে হাসানের সম্পর্কটা সে ক্ষমতার জোরে কেড়ে নেয়।

কবি হাসানের প্রতি মম’র দূর্বলতা টের পেয়ে জামিল দ্রুত মমকে বিয়ে করে ফেলে। একদিন হাসান পত্রিকায় একটা প্রতিষ্ঠানের দূর্নীতি নিয়ে রিপোর্ট করে। দেশব্যাপী খুব আলোড়ন তৈরি হয়। সেই প্রতিষ্ঠানের সঙ্গে হাসানের পত্রিকা অফিসের মালিক এবং জামিলও জড়িত। সুনাম ক্ষুন্ন হওয়ার কারণে জামিল গংরা মিথ্যা ঘটনা সাজিয়ে হাসানকে গণধোলাই দেয়। সেই ঘটনার পর থেকে হাসান মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে।

এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘চাওয়া পাওয়া’। আবুল বাশারের উপন্যাস ‘পবিত্র অসুখ’-এর ছায়া অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন মনসুর রহমান চঞ্চল এবং চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন রাকেশ বসু।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, মীর রাব্বী, ডলি জহুর, মনির আহমেদ শাকিল, শিরতাজ জাহান জেবিন, আনোয়ার শাহী, মিনু রাজু, অদিতি জামান স্নেহা, তুষার খান প্রমুখ।

আগামীকাল থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘চাওয়া পাওয়া’। বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে সপ্তাহের সোম, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিকটি।

 

আরও খবর

Sponsered content