খেলাধুলা

‘স্যান্ডপেপার গেট’ সম্পর্কে খাজার বিস্ফোরক দাবি নিয়ে মুখ খুললেন স্টার্ক

  প্রতিনিধি ১০ নভেম্বর ২০২৬ , ১২:৩১:৫১ প্রিন্ট সংস্করণ

উসমান খাজার আত্মজীবনীমূলক বইয়ের কারণে আবারও আলোচনায় অস্ট্রেলিয়ার স্যান্ডপেপার গেট কেলেঙ্কারি। ২০১৮ সালে বল টেম্পারিংয়ের দায়ে শাস্তি পান স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। খাজার দাবি, পুরো দল বল টেম্পারিংয়ের পরিকল্পনা জানতো!

এর আগে ২০২১ সালে ব্যানক্রফট দ্য গার্ডিয়ান-কে বলেছিলেন, বল টেম্পারিংয়ের বিষয়টি তাদের বোলারদের না জানার কোনো কারণ নেই। তারপর কেপটাউনের সেই টেস্টের দলে থাকা চার বোলার প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক ও নাথান লিয়ন যৌথ বিবৃতিতে জানান, বিষয়টি নিয়ে তারা কিছুই জানতেন না।

খাজা তার লেখা বই সবর-এ একটি অধ্যায় লিখেছেন এই স্যান্ডপেপার গেট কেলেঙ্কারি নিয়ে। সেখানে তিনি জানান, তৃতীয় টেস্টে বলে ব্যানক্রফটের স্যান্ডপেপার ব্যবহারের মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়ার আগে পোর্ট এলিজাবেথেও বল টেম্পারিং করেছিল দল।

দীর্ঘ আট বছর পর বিষয়টি নতুন করে আলোচনায় আসার পর তৎকালীন কোচ ড্যারেন লেহম্যান একে বই বিক্রির কৌশল হিসেবে অভিহিত করেছেন। যদিও ওয়ার্নার খাজার দাবিকে ‘শতভাগ সত্যি’ বলে জানিয়েছেন। এবার কেপটাউন টেস্টের একাদশে থাকা স্টার্কও এনিয়ে মুখ খুললেন।

২০২১ সালে যৌথ বিবৃতিতে দেওয়া কথাই মনে করিয়ে দিলেন স্টার্ক। বোলাররা যে বল টেম্পারিংয়ের বিষয়টি জানতেন না, সেই বক্তব্য থেকে সরে আসেননি তিনি। এই ফাস্ট বোলার বলেছেন, স্যান্ডপেপার গেট কেলেঙ্কারি নিয়ে তার অবস্থান পরিবর্তন হয়নি।

স্টার্ক বললেন, ‘সত্যি বলতে আমি তেমন মনোযোগ দেইনি। অবশ্যই আট বছর আগের  বিষয় নিয়ে ভিন্ন ভিন্ন মতামত রয়েছে। ওই সময়ে এবং তারপর থেকে আমাদের কঠোর প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। আমি বোলারদরে পক্ষে কথা বলব না। কিন্তু আমার অবস্থান থেকে বলছি, আমার মতামত বদলায়নি। ২০২১ সালে আমরা যা বলেছিলাম, সেখান থেকে আমার অবস্থান পাল্টায়নি।’

কেপটাউনের আগের টেস্টেও বল বিকৃতি ঘটেছিল বলে যে দাবি খাজা করেছেন, তা নিয়ে স্টার্ক বললেন, ‘এই প্রথমবার আমি জানতে পারলাম যে পোর্ট এলিজাবেথে এমন কিছু ঘটেছিল। আমাদের বিবৃতিতে যা বলেছিলাম, মাঠে কী হতে যাচ্ছে, তা সম্পর্কে আমাদের জানা ছিল না। আমি এখানেই শেষ করছি।’

এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, আট বছর আগের ঘটনায় তারা নতুন করে কোনো তদন্ত শুরু করবে না। অতীতে ফিরে গিয়ে বিন্দুমাত্র লাভ হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাহী গ্রিনবার্গ।

আরও খবর

Sponsered content