সারাদেশ

আশাশুনিতে রিচ প্রকল্পের অভিজ্ঞতা ও অর্জন বিনিময় সভা অনুষ্ঠিত

  দ্যুতিদীপন বিশ্বাস: ১১ নভেম্বর ২০২৬ , ২:০৪:৪৯ প্রিন্ট সংস্করণ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা এবং উপকূলীয় জনগোষ্ঠীর জন্য মানসম্মত ও জলবায়ু-সহনশীল স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার আশাশুনিতে ইএসডিও বাস্তবায়িত রিচ (RHEACH) প্রকল্পের অভিজ্ঞতা ও অর্জন বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। প্রকল্পের অর্জন তুলে ধরার পাশাপাশি প্রকল্প-পরবর্তী কার্যক্রমের স্থায়িত্ব নিশ্চিত করতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. আ. সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনফ্যান্টস ডু মন্ডে (ইডিএম)-এর কান্ট্রি ডিরেক্টর শামীমা আক্তার শিমুল, সাতক্ষীরা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক রওশন আরা জামান, আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. নজরুল এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুস সেলিম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ইডিএমের কান্ট্রি ডিরেক্টর শামীমা আক্তার শিমুল। পরে রিচ প্রকল্পের প্রেক্ষাপট, লক্ষ্য, কার্যক্রম, উল্লেখযোগ্য অর্জন ও অভিজ্ঞতা তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক মো. মাসুকুল হক মাসুক। এ সময় প্রকল্পের এন্ডলাইন সার্ভে ও মূল্যায়নের ফলাফল, উদ্ভাবনী উদ্যোগ, ভালো চর্চা, বাস্তবায়নকালীন চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. মো. আ. সালাম জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় রিচ প্রকল্পের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি স্বাস্থ্যশিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা বৃদ্ধি, পরিবেশবান্ধব মোবাইল অ্যাম্বুলেন্স, স্বাস্থ্যকেন্দ্র সংস্কার এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও লজিস্টিকস সহায়তাকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন। এসব উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি রওশন আরা জামান প্রতাপনগরের মতো প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্যকেন্দ্রভিত্তিক প্রাতিষ্ঠানিক প্রসবসেবা নিশ্চিত করতে রিচ প্রকল্পের উদ্যোগকে গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

সভায় রিচ প্রকল্পের আওতায় সরবরাহ করা বিভিন্ন আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও স্বাস্থ্যসেবা-সংশ্লিষ্ট উপকরণ আনুষ্ঠানিকভাবে সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। হস্তান্তর করা সরঞ্জামের মধ্যে রয়েছে কার্ডিয়াক স্ক্রিনিং যন্ত্র, সিরিঞ্জ পাম্প, শিশুদের পালস অক্সিমিটার, ইএনটি ইন্সট্রুমেন্ট সেট, ডপলার মেশিন ও গাইনোকোলজিক্যাল বেড। এসব সরঞ্জামের যথাযথ ব্যবহার, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার পাশাপাশি সরকারি স্বাস্থ্যসেবার সঙ্গে প্রকল্পের অর্জনগুলো সমন্বয়ের বিষয়ে একমত পোষণ করেন অংশীজনেরা।

উল্লেখ্য, রিচ (রিডিউসিং ক্লাইমেট চেঞ্জ-ইনডিউসড হেলথ হ্যাজার্ডস অব প্রেগন্যান্ট উইমেন, চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্ট গার্লস) প্রকল্পটি সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি)-এর সহায়তায় ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল (সিএএলএল) কনসোর্টিয়ামের আওতায় পরিচালিত হয়েছে। ইএসডিওর মাধ্যমে এবং এনফ্যান্টস ডু মন্ডে (ইডিএম)-এর কারিগরি সহযোগিতায় বাস্তবায়িত এ প্রকল্পের মূল লক্ষ্য ছিল উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি থেকে গর্ভবতী নারী, শিশু ও কিশোরীদের সুরক্ষা দেওয়া।

আরও খবর

Sponsered content