সাঈদ ইবনে হানিফ: ১১ নভেম্বর ২০২৬ , ১২:০০:৪৪ প্রিন্ট সংস্করণ
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’—এই স্লোগান সামনে রেখে যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জাতিগত, ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় বাসুয়াড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে এ সমাবেশের আয়োজন করা হয়। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় দি হাঙ্গার প্রজেক্ট পরিচালিত কর্মসূচির আওতায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) উদ্যোগে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর যশোর জেলা সভাপতি অধ্যক্ষ মোস্তাক মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর এস এম রাজু জাবেদ।
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিএফজির অ্যাম্বাসেডর মো. মাসুদ আলম টিপু, গণঅধিকার ফাউন্ডেশনের পরিচালক মো. ইকরামুল হক মিঠু, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি প্রণয় সরকার, সমাজসেবক হাফিজুর রহমান হাফিজ, বাসুয়াড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।
এ ছাড়া জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী দিলরুবা পারভীন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা মো. সেলিম রেজা সাবু, মো. গোলাম ছরোয়ার, হাফিজুর রহমান, লিটন মোল্লা, ইউপি সদস্য আনিছুর রহমান বিপ্লব, শিমুল হোসেন, রিন্টু মিয়া, আব্দুল জলিল মোল্লা, আমেনা খাতুন ও জসিম উদ্দীনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সম্ভাব্য জনপ্রতিনিধি এবং সামাজিক ও ধর্মীয় নেতারা অংশ নেন।
সমাবেশে বক্তারা সব দল ও মতের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।





















