বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: ১১ নভেম্বর ২০২৬ , ২:০০:১৯ প্রিন্ট সংস্করণ
রংপুরের বদরগঞ্জে পারিবারিক বিরোধ, দ্বিতীয় বিয়ে এবং আদালতে চলমান ভরণপোষণের মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী বাবুই বাসকের বিরুদ্ধে বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তাঁর প্রথম স্ত্রী মুখি টুডু।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শিমুল ঝুড়ি গ্রামের বাসিন্দা বাবুই বাসকের সঙ্গে মুখি টুডুর প্রায় ৩০ বছর ধরে দাম্পত্য সম্পর্ক। অভিযোগকারীর দাবি, সম্প্রতি তাঁর স্বামী অন্য এক নারীকে বিয়ে করেছেন। ওই নারীকে খ্রিষ্টান ধর্ম থেকে ধর্মান্তরিত করে বিয়ে করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে প্রতিবাদ করায় তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে বলে দাবি মুখি টুডুর।
মুখি টুডুর অভিযোগ, তাঁর স্বামী দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বর্তমানে শিমুল ঝুড়ি স্কুলপাড়ায় তাঁর বোনের বাড়িতে অবস্থান করছেন। তিন বছরের বেশি সময় ধরে স্বামী তাঁর খোঁজখবর নেন না এবং ভরণপোষণও দেন না। এ নিয়ে আদালতে ১৪৯/২৫ নম্বর মামলা চলমান রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, গত ২ নভেম্বর ২০২৬ সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে শিমুলবুড়ি যুব ক্লাবসংলগ্ন এলাকায় গেলে কয়েকজন ব্যক্তি তাঁর পথরোধ করেন। এ সময় অজ্ঞাতপরিচয় কয়েকজন ছুরি হাতে তাঁকে ধাওয়া করেন বলে অভিযোগ করেছেন তিনি। পাশাপাশি স্বামীর বিরুদ্ধে করা মামলা তুলে না নিলে তাঁকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয় আনছারুল ইসলাম ও সাজলি টুডুকে ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে উল্লেখ করেছেন অভিযোগকারী।
মুখি টুডু বলেন, “সে দশটা বিয়ে করুক, তাতে আমার আপত্তি নেই। আমাকে আমার প্রাপ্য পাওনা বুঝিয়ে দিলেই হবে। কিন্তু তিন বছর ধরে আমার স্বামী আমার কোনো খোঁজখবর নেন না, আমাকে কোনো পাত্তাও দেন না।”
অন্যদিকে অভিযুক্ত বাবুই বাসক সাংবাদিকদের কাছে অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর প্রথম স্ত্রী তাঁর সঙ্গে খারাপ আচরণ করেন এবং স্বামী হিসেবে তাঁকে মূল্যায়ন করেন না। তাঁর বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ঘটনার দিন এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, বিষয়টি সম্পর্কে তাঁকে কেউ অবহিত করেননি। তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





















