সারাদেশ

নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জের বিরুদ্ধে সংবাদ প্রকাশ, প্রতিবাদ জানালেন এসআই মালেক

  মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি: ১১ নভেম্বর ২০২৬ , ১২:০২:৫৩ প্রিন্ট সংস্করণ

 

মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. মালেকের বিরুদ্ধে বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন তিনি। পাঠানো এক প্রতিবাদলিপিতে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন’ বলে দাবি করেছেন এই পুলিশ কর্মকর্তা।

প্রতিবাদলিপিতে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং পুলিশ প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অসত্য তথ্য ছড়াচ্ছে।

প্রকাশিত সংবাদে এসআই মো. মালেকের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকর্মী পরিচয়ে লোকজনকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে অর্থ আদায় এবং রাতের আঁধারে লোকজনকে আটক করে পরে ছেড়ে দেওয়ার অভিযোগ করা হয়েছিল। প্রতিবাদলিপিতে এসব অভিযোগ অস্বীকার করে বলা হয়, ফাঁড়ি থেকে যাঁদের আটক করা হয়েছে, তাঁরা পরোয়ানাভুক্ত আসামি অথবা নির্দিষ্ট অপরাধে জড়িত। সংবাদে আটক ব্যক্তিদের সুনির্দিষ্ট নাম বা প্রমাণ উল্লেখ করা হয়নি বলেও দাবি করা হয়।

মাদক ও জুয়ার স্পট পরিচালনার অভিযোগের বিষয়েও প্রতিবাদলিপিতে বলা হয়, ফাঁড়িতে যোগদানের পর থেকেই এসআই মালেক মাদক ও জুয়া নির্মূলে কঠোর অবস্থানে রয়েছেন। অপরাধী ও মাদক কারবারিদের অনৈতিক সুপারিশে সাড়া না দেওয়ায় একটি স্বার্থান্বেষী মহল তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করা হয়।

এ ছাড়া সোর্স নিয়োগ করে নিরীহ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় কিংবা হাটবাজারের বিভিন্ন যানবাহন থেকে মাসোহারা নেওয়ার অভিযোগও অস্বীকার করা হয়েছে। প্রতিবাদলিপিতে বলা হয়, পুলিশের নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে অপরাধ দমনে টহল ও অভিযান পরিচালনা করা হয়। মধ্যবিত্ত পরিবারের সদস্যদের বাড়িতে রাতের আঁধারে অভিযান চালানো এবং অভিযোগকারীকে হয়রানি করার অভিযোগও ভিত্তিহীন।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, অভিযোগগুলোর কোনো সত্যতা থাকলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে, তা মেনে নেওয়া হবে। নিয়ম ও শৃঙ্খলার মধ্যে থেকে সাধারণ মানুষকে আইনি সেবা দেওয়ার প্রত্যয় জানিয়ে প্রকাশিত সংবাদটির নিন্দা এবং ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

আরও খবর

Sponsered content