মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ ১১ নভেম্বর ২০২৬ , ২:৪৭:৫৯ প্রিন্ট সংস্করণ
নওগাঁ শহরের বাইপাস সড়কে দাঁড়িয়ে থাকা ‘আল বারাকা পরিবহন’-এর দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে এলেও বাস দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বাইপাস সড়কের পাশে তিনটি বাস পার্কিং করা ছিল। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ এর মধ্যে দুটি বাসে আগুন জ্বলতে দেখা যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নেভানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসে ব্যবহৃত মশারি বা কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে।
তিনি আরও জানান, আগুন লাগার প্রকৃত কারণ জানতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যাবে।





















