অপরাধ

মধুপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে

  মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ১০ নভেম্বর ২০২৬ , ১০:১২:২৩ প্রিন্ট সংস্করণ

Oplus_131072

 

টাঙ্গাইলের মধুপুরে বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একটি নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে। গত ৭ নভেম্বর মাদ্রাসার অফিসকক্ষে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত মোফাজ্জল হোসেন স্থানীয় বাসিন্দা মৃত বাবুর আলীর ছেলে। তিনি টেকী নাগবাড়ী রিয়াজুল জান্নাহ গোরস্থান নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক।

পরিবারের অভিযোগ, গত শনিবার মাদ্রাসার মাঠ থেকে শিশুটিকে ডেকে নিয়ে অফিসকক্ষে ধর্ষণ করেন অভিযুক্ত শিক্ষক। পরে শিশুটিকে ২০ টাকা দিয়ে বিষয়টি কাউকে না জানানোর নির্দেশ দেন। কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের।

পরিবারের দাবি, এর আগেও শিশুটির সঙ্গে একই ধরনের ঘটনা ঘটেছে। তবে ভয়ে সে কাউকে কিছু জানায়নি। সর্বশেষ ঘটনার পর বাড়িতে ফিরে শিশুটি প্রথমে তার মাকে বিষয়টি জানায়। পরে সন্ধ্যায় বাড়ি ফিরে ভ্যানচালক বাবাকেও ঘটনা খুলে বলে। পরদিন পরিবারের অন্য সদস্য ও স্বজনেরা বিষয়টি জানতে পারেন।

শিশুটির ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় তাকে মাদ্রাসার অফিসকক্ষে ডেকে নিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়। এ সময় তার এক সহপাঠী বিষয়টি টের পেয়ে দরজা ও টিনের বেড়ায় শব্দ করে এবং শিশুটির নাম ধরে ডাকাডাকি করে।

শিশুটির এক স্বজন জানান, রাত হয়ে যাওয়ায় পরদিন সোমবার সকালে বিষয়টি মধুপুর থানা পুলিশকে জানানো হয়। পরে নারী পুলিশ সদস্য শিশুটির সঙ্গে কথা বলেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে আলোচনার পর মামলা করার পরামর্শ দেওয়া হয়। তবে চিকিৎসা পরীক্ষা ও অভিযোগের প্রমাণসংক্রান্ত বিষয় নিয়ে উদ্বেগ এবং ভয়ের কারণে পরিবারটি থানা থেকে ফিরে আসে।

ওই স্বজন আরও জানান, অভিযুক্ত শিক্ষক শিশুটির চাচা এবং একই এলাকার বাসিন্দা। এ কারণে ঘটনা জানাজানি হওয়ার পর পরিবারটি সামাজিক ও পারিবারিক চাপের মুখে পড়েছে।

এদিকে, কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন ও সচেতন ব্যক্তি শিশুটির চিকিৎসা এবং আইনগত সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে ভয়ের কারণে দরিদ্র পরিবারটি এখনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সাহস পাচ্ছে না বলে জানিয়েছে।

পরিবারের আরও অভিযোগ, স্থানীয় ইব্রাহিম নামের এক মাতব্বরসহ কয়েকজন বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার কথা বলে তাদের ওপর চাপ সৃষ্টি করছেন। অন্য কোথাও গিয়ে বিষয়টি না জানানোর জন্যও নিষেধ করা হচ্ছে বলে দাবি পরিবারের।

অভিযুক্ত শিক্ষক মোফাজ্জল হোসেনের বক্তব্য জানতে মাদ্রাসায় গিয়ে তাঁকে পাওয়া যায়নি। মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। মাদ্রাসা পরিচালনা পরিষদের একজন সদস্য অভিযোগ ওঠার বিষয়টি স্বীকার করেছেন।

ঘটনার নিরপেক্ষ তদন্ত, শিশুটির চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক জানান, তিনি এ ঘটনা সম্পর্কে অবগত নন। ভুক্তভোগীর পরিবারের কাউকে থানায় এসে অভিযোগ করার পরামর্শ দিয়েছেন তিনি।

আরও খবর

Sponsered content