চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে জ্বালানি তেল পাচারের সময় তেলবাহী গাড়ি,ট্রলি ও তেলের ড্রাম জব্দ করেছে পুলিশ।
সোমবার (২৭এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভোলাহাট উপজেলার সোনাজল বিল এলাকায় অবস্থিত হিরো ইটভাটায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়,ভোলাহাট ফিলিং স্টেশন থেকে প্রায় চার কিলোমিটার দূরে একটি তেলবাহী গাড়ি ইটভাটার ভেতরে প্রবেশ করে। সেখানে ড্রামের মাধ্যমে তেল খালাস করে ট্রলিতে তুলে পাচারের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পাচারচক্রের সদস্যরা গাড়ি ফেলে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে তেলবাহী গাড়ি,পাচারে ব্যবহৃত ট্রলিসহ তেলের ড্রাম জব্দ করে থানায় নিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) মো: হাসান তারেক বলেন,তেল পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পাচারচক্র পালিয়ে যায়। তেলবাহী গাড়ি ও পাচারে ব্যবহৃত গাড়ি জব্দ করে থানায় নিয়ে আসে। তবে তেলগুলো কোন ফিলিং স্টেশনের জন্য নিয়ে আসা হয়েছিল সে তথ্য এখনো পাওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।