কক্সবাজার জেলা প্রতিনিধি: ৩ জুন ২০২৬ , ৫:৩৩:০১ প্রিন্ট সংস্করণ
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ১৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (৩ জুন ২০২৬) দুপুর ১টার দিকে টেকনাফ থানাধীন কেরুনতলী সংলগ্ন নাফ নদী এলাকায় এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ।
বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি সন্দেহজনক ডিঙি নৌকায় তল্লাশি চালানো হয়। এ সময় নৌকাটি থেকে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং দুই মাদক কারবারিকে আটক করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবা, মাদক পাচারে ব্যবহৃত ডিঙি নৌকা এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা বলেন, দেশের তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে এবং মাদক পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















