অপরাধ

বদলগাছীতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে শিক্ষক

  নওগাঁ প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৬ , ৯:২৬:০৪ প্রিন্ট সংস্করণ

 

নওগাঁর বদলগাছীতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় জামায়াত নেতা ও শিক্ষক মো. শফিউল হাসান দিপুকে (৪৭) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন।

অভিযুক্ত শফিউল হাসান দিপু বদলগাছী উপজেলার ভান্ডারপুর আলফা কেজি স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক। অভিযোগকারী শিশুটি ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট সকাল ৭টার দিকে প্রতিদিনের মতো বিদ্যালয়ে যায় শিশুটি। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হওয়ায় বিদ্যালয়ে অন্য কোনো শিক্ষক বা শিক্ষার্থী উপস্থিত ছিলেন না বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ সুযোগে অভিযুক্ত শিক্ষক চকলেট দেওয়ার কথা বলে শিশুটিকে শ্রেণিকক্ষ থেকে বিদ্যালয়ের কার্যালয়ে ডেকে নেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারের অভিযোগ অনুযায়ী, কার্যালয়ে শিশুটিকে চকলেট খাওয়ানোর পর অভিযুক্ত শিক্ষক অশোভন কথাবার্তা বলতে শুরু করেন। একপর্যায়ে জোরপূর্বক শিশুটিকে কাছে টেনে নিয়ে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন এবং পোশাক খুলে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি কান্নাকাটি শুরু করলে অভিযুক্ত তাকে ছেড়ে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে শিশুটি কার্যালয় থেকে বেরিয়ে শ্রেণিকক্ষে গিয়ে কান্নাকাটি করতে থাকে। বৃষ্টি থামার পর বিদ্যালয় থেকে বেরিয়ে রাস্তায় চলে আসে সে। সেখান থেকে তার বাবা তাকে বাড়িতে নিয়ে যান। বাড়িতে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বর্ণনা দেয় শিশুটি।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে অভিযুক্ত শিক্ষক শফিউল হাসান দিপুর বিরুদ্ধে বদলগাছী থানায় মামলা করেন।

মামলার পর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন অভিযুক্ত শিক্ষক। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বদলগাছী থানার মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নূরনবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত শিক্ষক জামিনের জন্য আদালতে আত্মসমর্পণ করেছিলেন। তবে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আরও খবর

Sponsered content