অপরাধ

বাকিতে কেনা ৬ গরুর টাকা না দেওয়ার অভিযোগে রায়পুরের যুবকের বিরুদ্ধে মামলা

  জহিরুল ইসলাম টিটু,  লক্ষ্মীপুর: ২২ জুলাই ২০২৬ , ৮:৪০:৪৬ প্রিন্ট সংস্করণ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার এক যুবকের বিরুদ্ধে যশোরে গরু কেনার বকেয়া টাকা পরিশোধ না করার অভিযোগে মামলা হয়েছে। উপজেলার উত্তর কেরোয়া গ্রামের মিঝি বাড়ির বাসিন্দা ছানা উল্যার ছেলে মো. ইউসুফের বিরুদ্ধে যশোরের চৌগাছা আমলি আদালতে মামলাটি দায়ের করেন চৌগাছা থানার চারাবাড়ি এলাকার বাসিন্দা মো. নান্নু মিয়া।

আদালত সূত্র ও মামলার এজাহার থেকে জানা যায়, গরু ক্রয়-বিক্রয়ের ব্যবসার সূত্রে বাদী নান্নু মিয়ার সঙ্গে বিবাদী ইউসুফের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক ছিল। এর ধারাবাহিকতায় গত ১২ জুন ইউসুফ ৭ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের ছয়টি গরু বাকিতে কেনেন। চুক্তি অনুযায়ী ১৯ জুন ওই টাকা পরিশোধ করার কথা ছিল।

এজাহারে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত দিনে বিকেল ৪টার দিকে নান্নু মিয়া পাওনা টাকা আদায়ের জন্য ইউসুফের বাড়িতে গেলে তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান। অভিযোগ অনুযায়ী, পরবর্তীতে পাওনা টাকার জন্য আবার গেলে অপূরণীয় ক্ষতি করার হুমকিও দেওয়া হয়।

এ ঘটনায় পাওনা টাকা ও গরু ফেরতের দাবিতে নান্নু মিয়া চৌগাছা আমলি আদালতে মামলা দায়ের করেন।

আদালতের নির্দেশে মামলার তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোরের চৌগাছা থানা থেকে মামলার নথিপত্র লক্ষ্মীপুরের রায়পুর থানায় পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

আরও খবর

Sponsered content