তাপস কুণ্ডু ,ঝিনাইদহ ৮ জানুয়ারি ২০২৬ , ১:১৭:১৭ প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহের কালীগঞ্জে সোনালী ব্যাংকের ভেতর থেকে অভিনব কৌশলে এক ব্যবসায়ীর নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলার সোনালী ব্যাংক শাখা-২ তে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, কালীগঞ্জ শহরের চাপালী কুটিপাড়া এলাকার ব্যবসায়ী কামাল হোসেন দুপুরে সোনালী ব্যাংকের কালীগঞ্জ শাখা থেকে ৪ লাখ টাকা উত্তোলন করেন। টাকা উত্তোলনের পর তিনি ক্যাশ কাউন্টারের পাশে দাঁড়িয়ে টাকা গণনা করছিলেন। এ সময় অবশিষ্ট টাকা একটি ছোট হ্যান্ডব্যাগে রেখে দেন।
কিছুক্ষণ পর তিনি লক্ষ্য করেন, তার হ্যান্ডব্যাগটি কাটা এবং ব্যাগের ভেতরে রাখা ২ লাখ ৫০ হাজার টাকা নেই। পরে ব্যাংকের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, অজ্ঞাত পরিচয়ের তিন ব্যক্তি কৌশলে তার পাশে অবস্থান নেয়। তারা ব্যাগের ওপর একটি ফাইল রেখে আড়াল সৃষ্টি করে ব্যাগ কেটে ভেতরের টাকা চুরি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ভুক্তভোগী ব্যবসায়ী কামাল হোসেন বলেন, “অনেক খোঁজাখুঁজি করেও চোর বা টাকা উদ্ধার করতে পারিনি। পরে আইনি সহায়তা পেতে থানায় লিখিত অভিযোগ দায়ের করি।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার পরিদর্শক মোফাজ্জেল হোসেন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোর শনাক্তের চেষ্টা চলছে।”




















