অপরাধ

টেকনাফে জোড়া খুনের মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

  মোহাম্মদ হোসাইন, কক্সবাজার জেলা প্রতিনিধি: ১১ নভেম্বর ২০২৬ , ২:৪৫:৫১ প্রিন্ট সংস্করণ

 

কক্সবাজারের টেকনাফে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সোমবার (৯ নভেম্বর) বিকেলে পশ্চিম ফরিদাপাড়া এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মিজানুর রহমান (২৭) ও আব্দুল মোনাফ (২৭)। তাঁদের মধ্যে মিজানুর রহমান মামলার ২ নম্বর এবং আব্দুল মোনাফ ৪ নম্বর এজাহারভুক্ত আসামি।

এসআরবি সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পৃথক দুটি স্থান থেকে মো. মোক্তার কামাল (৩৯) ও মো. আকবর (২৩) নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে টেকনাফ থানায় ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়। মামলা দায়েরের পর কয়েকজন আসামি আত্মগোপনে চলে যান বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

এসআরবি-১৫ ও এসআরবি-৭-এর যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় জানতে পারে, মামলার কয়েকজন আসামি চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানার পশ্চিম ফরিদাপাড়া এলাকায় অবস্থান করছেন।

এর ভিত্তিতে সোমবার বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে পশ্চিম ফরিদাপাড়ায় এমএএস টেলিকমের সামনে অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তুলাতুলি গ্রামের আব্দুল্লাহর ছেলে।

পরে গ্রেপ্তার মিজানুর রহমানের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ১০ মিনিট পর বিকেল ৫টা ৩৫ মিনিটে একই এলাকার মোকসেদ সাহেবের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে আব্দুল মোনাফকে গ্রেপ্তার করা হয়। তিনি টেকনাফের বালুখালী গ্রামের নুরুল ইসলামের ছেলে।

গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চাঁদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি।

আরও খবর

Sponsered content