সারাদেশ

ভরা বর্ষায় তানোরে পানির জন্য হাহাকার, ২০ দিন ধরে সরবরাহ বন্ধ

  রাজশাহী জেলা প্রতিনিধি: ২৮ জুলাই ২০২৬ , ৯:১৮:২৯ প্রিন্ট সংস্করণ

রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার সাদিপুর মহল্লায় ভরা বর্ষাতেও দেখা দিয়েছে তীব্র পানি সংকট। প্রায় ২০ দিন ধরে পাইপলাইনে পানি সরবরাহ বন্ধ থাকায় খাবার পানি, গোসল ও গৃহস্থালির কাজে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। বাধ্য হয়ে অনেকেই ব্যক্তিমালিকানাধীন সাবমার্সিবল পাম্প থেকে টাকা দিয়ে পানি কিনে ব্যবহার করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তানোর সরকার ঘোষিত পানি সংকটাপন্ন এলাকা। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় উপজেলার অধিকাংশ হস্তচালিত নলকূপ বহু আগেই অচল হয়ে পড়ে। গভীর নলকূপ থেকেও পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না।

২০১৭ সালের পর থেকে মুন্ডুমালা পৌরসভার নিজস্ব গভীর নলকূপ এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নলকূপের মাধ্যমে সাদিপুর মহল্লার ১১৭টি পরিবারে পাইপলাইনে পানি সরবরাহ করা হচ্ছিল। একটি ট্যাপের জন্য মাসিক ১৫০ টাকা এবং সংরক্ষণ ট্যাংক ব্যবহারকারীদের কাছ থেকে ২৫০ টাকা করে বিল নেওয়া হয়।

পৌরসভা সূত্র জানায়, পানির স্তর নিচে নেমে যাওয়ায় পৌরসভার নিজস্ব গভীর নলকূপ থেকে বর্তমানে পানি উঠছে না। অন্যদিকে বিএমডিএর নলকূপটিও প্রায় ২০ দিন ধরে বিকল থাকায় পুরো মহল্লায় পানি সরবরাহ বন্ধ রয়েছে।

স্থানীয় বাসিন্দা ও একটি বেসরকারি সংস্থার স্বেচ্ছাসেবক জেসমিন খাতুন বলেন, জুলাইয়ের শুরুতে কয়েকদিন পানি না থাকলেও মাঝখানে তিন দিন সরবরাহ স্বাভাবিক ছিল। এরপর থেকে আবার পানি বন্ধ। মহল্লায় কোনো পুকুর না থাকায় সংকট আরও বেড়েছে। ব্যক্তিগত মোটর থেকে পাঁচ মিনিট পানি তুলতে ৫০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, কোনো কোনো পরিবার ইতোমধ্যে দুই হাজার টাকারও বেশি মূল্যের পানি কিনেছে। আবদুর রাজ্জাকের পরিবার চলতি মাসে প্রায় ১ হাজার ৫০০ টাকার পানি কিনেছে। একইভাবে সাবানা বেগম জানান, তাদের পরিবারের পানির পেছনে প্রায় দুই হাজার টাকা ব্যয় হয়েছে।

পানির সংকটে গবাদিপশু পালনও কঠিন হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা রনি ইসলাম বলেন, পর্যাপ্ত পানি দিতে না পারায় তার গর্ভবতী গাভির স্বাভাবিক পরিচর্যা ব্যাহত হচ্ছে। অন্যদিকে মটরি বেগম পানির অভাবে দুটি গরু লোকসানে বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন।

মহল্লার পানির বিল সংগ্রাহক আবদুর রহমান বলেন, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় পৌরসভার নিজস্ব গভীর নলকূপ থেকে দীর্ঘদিন ধরেই পানি উঠছে না। পাশাপাশি বিএমডিএর নলকূপটিও ঘন ঘন বিকল হচ্ছে।

মুন্ডুমালা পৌরসভার প্রশাসকের দায়িত্বে থাকা তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন, বিএমডিএর নলকূপ বিকলের বিষয়টি সংশ্লিষ্ট প্রকৌশলীকে জানানো হয়েছিল। পরে তিনি জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটি মেরামত করা হয়েছে। এখন স্থানীয় ব্যবস্থাপনা কমিটির কিছু কাজ শেষ হলেই পানি সরবরাহ পুনরায় চালু করা সম্ভব হবে।

আরও খবর

Sponsered content