আইন-আদালত

দায়রা আদালতেও এমপি নজরুলের জামিন নামঞ্জুর

  প্রতিনিধি ১ নভেম্বর ২০২৬ , ৪:১১:০৩ প্রিন্ট সংস্করণ

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় মহানগর দায়রা জজ আদালতও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলামের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন।

আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির শুনানি শেষে জামিন নামঞ্জুরের এই আদেশ দিয়েছেন।

ওই আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার জামিনের বিরোধিতা করেন। আসামিপক্ষে অ্যাডভোকেট মাহাবুবুর রহমান ও মিজানুর রহমান জামিন চেয়ে শুনানি করেন।

আইনজীবী মাহাবুবুর রহমান শুনানিতে বলেন, ‘আসামি সম্পূর্ণ নির্দোষ এবং এজাহারে বর্ণিত ঘটনার সাথে তার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। কেবল মাত্র উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানি করার জন্য তাকে এ মামলায় অভিযুক্ত করা হয়েছে।’

তিনি বলেন, ‘আসামি ৭৫ বছর বয়সী একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা। জটিল হৃদরোগে ভুগছেন। তার স্থায়ী ঠিকানা রয়েছে এবং জামিন পেলে তিনি আত্মগোপন বা এলাকা ত্যাগ করবেন না। গত ৩০ সেপ্টেম্বর আসামির প্রথম স্ত্রী আপসের শর্ত জামিন পেয়েছে। একই শর্তে এ আসামিও জামিন পাওয়া হকদার।’ শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেয়।

এর আগে সিএমএম আদালত থেকেও নজরুল ইসলামের জামিন নামঞ্জুরের আদেশ দেয়। তবে গত ৩০ সেপ্টেম্বর নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম জামিন পান।

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের উল্টো দিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেয় পুলিশ। রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম, তার স্ত্রী মাকছুদা ইসলাম ও নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ। মরিয়মের মামা ওবায়দুর রহমানও কারাগারে রয়েছেন।

আরও খবর

Sponsered content