আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: ৯ নভেম্বর ২০২৫ , ৭:২৯:৪৩ প্রিন্ট সংস্করণ
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স সপ্তাহের প্রথম দিন রবিবার দুপুরে তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, নিয়মিতভাবে এই কমপ্লেক্সে কর্মকর্তা-কর্মচারীরা অনুপস্থিত থাকায় সাধারণ মানুষ বিশেষ করে গর্ভবতী নারী ও অসুস্থ রোগীরা চরম ভোগান্তিতে পড়ছেন।
অভিযোগের ভিত্তিতে আগৈলঝাড়া মডেল প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকরা দুপুর ১২টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখেন, মূল ফটকে তালা ঝুলছে এবং কোনো কর্মকর্তা বা কর্মচারী উপস্থিত নেই।
স্থানীয়রা জানান, স্বাস্থ্যসেবা পেতে এসে রোগীদের খালি হাতে ফিরে যেতে হয় প্রায়ই। গর্ভবতী নারী ও জরুরি সেবাপ্রার্থীদের কষ্টের সীমা নেই। সরকারি উদ্যোগে সরবরাহ করা ওষুধও ঠিকমতো পাওয়া যায় না; প্রায়ই “ঔষধ সংকট” দেখিয়ে ফেরত পাঠানো হয়।
রত্নপুর এলাকার বাসিন্দা এক ভুক্তভোগী বলেন, “স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ডাক্তার থাকেন না। কখনো তালা মেরে রাখে। আমাদের চিকিৎসা নিতে বাইরে যেতে হয়, এতে সময় ও খরচ দুই-ই বাড়ে।”
স্থানীয়দের অভিযোগ, নিয়মিত ডাক্তার ও সেবাকর্মী না থাকায় সরকারি স্বাস্থ্যসেবার মূল উদ্দেশ্যই ব্যাহত হচ্ছে। তাঁদের দাবি, “স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করতে হবে, ওষুধ নিয়মিত সরবরাহ করতে হবে এবং সাধারণ মানুষ যেন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে প্রশাসন ব্যবস্থা নিক।”
ভুক্তভোগীরা বিষয়টি দ্রুত সমাধানের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।




















