মাগুরা প্রতিনিধি: ৪ এপ্রিল ২০২৬ , ২:৪২:৫৮ প্রিন্ট সংস্করণ
মাগুরার শ্রীপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে হামলার ঘটনায় একই পরিবারের চার সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুনরায় হামলার আশঙ্কায় নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। ঘটনাটি উপজেলার সব্দালপুর ইউনিয়নের কাজলী গ্রামে।
সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ বিকেল ৫টার দিকে ভাত খাওয়া নিয়ে আজিম বিশ্বাসের দুই মেয়ে ইসমিতা খাতুন ও উর্মি খাতুনের মধ্যে কথাকাটাকাটি হয়। এ ঘটনার জেরে তাদের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে।
হামলায় আজিম বিশ্বাসের স্ত্রী কবিতা বেগম (৩৫), বড় মেয়ে ইসমিতা খাতুন (২০) ও ছোট মেয়ে উর্মি খাতুন (১৫) গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরিবারের সদস্যদের হাসপাতালে ভর্তি করে বাড়িতে ফেরার পর রাত আনুমানিক ১১টার দিকে আজিম বিশ্বাস (৪২) নিজেও হামলার শিকার হন। বর্তমানে পরিবারের চার সদস্যই হাসপাতালে চিকিৎসাধীন।
আজিম বিশ্বাস অভিযোগ করে বলেন, “আমার আপন বড় ভাই ওলিয়ার বিশ্বাস ও আশরাফ বিশ্বাস এবং তাদের দুই ছেলে মেহেদী বিশ্বাস ও সজিব বিশ্বাস আমাদের ওপর হামলা চালায়। আমার স্ত্রী ও দুই মেয়ে গুরুতর আহত হলে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করি। পরে বাড়িতে গেলে তারা আমাকে আবার মারধর করে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।”
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে, তবে এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
শ্রীপুর থানার ওসি (তদন্ত) মো. আতাউর রহমান বলেন, “অভিযোগের বিষয়ে আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”




















