জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এক শিক্ষার্থীকে ঘিরে একাধিক নারী শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, প্রতারণা ও হয়রানির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মঙ্গলবার (২১ এপ্রিল) ভাষা শহীদ রফিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী নেতাকর্মীরা অভিযোগ করেন, একটি ছাত্রসংগঠনের কিছু সদস্য পরিচয় গোপন রেখে ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনা করছে এবং সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে ভোট প্রার্থনা করেছে।
জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “দীর্ঘদিন ধরে গোপনে রাজনীতি পরিচালনার অভিযোগ রয়েছে। অন্যদিকে আমাদের সংগঠনের কমিটিগুলো প্রকাশ্য ও স্বচ্ছ।”
শাখা যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসাইন বলেন, সম্প্রতি এক শিক্ষার্থীর বিরুদ্ধে একাধিক নারী শিক্ষার্থীর সঙ্গে প্রতারণা ও সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে। প্রথমে তাকে সংশ্লিষ্ট সংগঠনের কর্মী হিসেবে অস্বীকার করা হলেও পরে তার সম্পৃক্ততার বিষয়টি সামনে আসে বলে দাবি করেন তিনি।
ভুক্তভোগীদের বরাতে বক্তারা জানান, অভিযুক্ত ব্যক্তি একাধিক শিক্ষার্থীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে পরবর্তীতে তা ভেঙে দেন। এ ঘটনায় অন্তত তিনজন শিক্ষার্থী লিখিত অভিযোগ দিয়েছেন বলেও দাবি করা হয়।
মানববন্ধন থেকে বক্তারা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্যাম্পাসে স্বচ্ছ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।