সারাদেশ

দুদকের এডহক পিপি হলেন রশিদুল আলম চৌধুরী

  কক্সবাজার প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৬ , ১০:১১:৪৬ প্রিন্ট সংস্করণ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে মামলা পরিচালনার জন্য কক্সবাজারের আইনজীবী অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরীকে অ্যাডহক ভিত্তিতে পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে জারি করা এক চিঠির মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, দুদকের মামলা পরিচালনার জন্য সংশ্লিষ্ট আবেদন ও কমিশনের অনুমোদনের পরিপ্রেক্ষিতে তাঁকে অ্যাডহক ভিত্তিতে পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরী কমিশনের নির্ধারিত হারে সম্মানী পাবেন। দায়িত্ব পালনকালে তিনি কমিশনের বিরুদ্ধে কোনো মামলা পরিচালনা করতে পারবেন না এবং কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন না।

এ ছাড়া প্রয়োজন অনুযায়ী দুদকের তদন্ত ও তদারকিসংশ্লিষ্ট কর্মকর্তাদের এফিডেভিট প্রস্তুত এবং অভিযোগপত্র (চার্জশিট) দাখিলে সহযোগিতা করতে হবে। তাঁর কাজের মূল্যায়নের ভিত্তিতে নিয়োগ বহাল রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এবং কমিশন প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবে বলে চিঠিতে উল্লেখ রয়েছে।

দুদকের উপপরিচালক (প্রসিকিউশন) নাসিমা তানজিদার মুনমুন স্বাক্ষরিত নিয়োগপত্রে এসব শর্ত ও নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content